ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী তাঁর দপ্তরের মূল ভবনে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালন করা জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং অতীত স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে উপস্থিত অনেকেই কিছুক্ষণের জন্য ভুলে যান যে তাঁরা দেশের প্রধান নির্বাহীর এত কাছাকাছি অবস্থান করছেন—পরিবেশটি হয়ে ওঠে স্বাভাবিক, মানবিক ও আবেগঘন।

এরপর প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এ প্রতীকী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নতুন অধ্যায় ও শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন। গাছ রোপণের পর তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি-সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সবশেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এ উপলক্ষে তিনি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।