স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিকভাবে জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ–ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় নয়াদিল্লি।
তিনি জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানান। পাশাপাশি, দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের নিদর্শন হিসেবে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি শুভেচ্ছা ও বার্তাবহ চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
জয়সওয়াল আরও বলেন, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যেই বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহযোগিতা, নিরাপত্তা সমন্বয় এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ নানা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান। নতুন সরকারের নেতৃত্বে এই সহযোগিতা আরও গভীর ও কার্যকর হবে বলে আশাবাদ প্রকাশ করে নয়াদিল্লি। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান জয়সওয়াল।
ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। জয়সওয়াল জানান, ভিসা সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া, সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালানো হবে, যাতে উভয় দেশের নাগরিকদের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছ হয়।
এদিকে, আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে রণধীর জয়সওয়াল জানান, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভারত সরকার গভীর নজর রাখছে। তিনি বলেন, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও ভ্রমণবিষয়ক পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

