ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

আদালত বললে ভোট পুনর্গণনা করবে নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল


ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।তিনি বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে তিন দিনের মধ্যে যদি স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ না করান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। এই বিধানটি সংবিধানসম্মত এবং নির্দিষ্ট পরিস্থিতিতে কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে আইনগত ব্যাখ্যা ও বিশ্লেষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা করবেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে এ বিষয়ে এর বাইরে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, কবে এবং কখন শপথ অনুষ্ঠান হবে—সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। সংসদ সচিবালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো অফিশিয়াল চিঠিপত্র এখনো কমিশনের কাছে পৌঁছায়নি। ফলে সময়সূচি বা প্রক্রিয়া নিয়ে আগাম মন্তব্য করা সমীচীন হবে না।আলোচনার এক পর্যায়ে তিনি জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যারা নির্বাচন কমিশনে এসেছেন, তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনা হয়েছে।

তারা নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল নিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। তবে তড়িঘড়ি করে ফলাফল প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না বলে তিনি স্পষ্ট করেন। নির্বাচন কমিশন সবসময় নিয়ম ও আইন মেনে কাজ করেছে এবং জনগণের কাছে নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করে তুলতে কীভাবে আরও স্মার্টভাবে কাজ করা যায়, সে দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, গেজেট প্রকাশের সময়কাল যদি আরও আগেই নির্ধারণ ও জানানো যেত, তাহলে সেটি ভালো হতো। এতে সংশ্লিষ্ট সব পক্ষ আরও পরিষ্কার ধারণা পেত। তবুও মাঠপর্যায়ে যারা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেছেন, তারা অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করেছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১১ দলীয় জোটের উত্থাপিত দাবিগুলোর বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন। আইন অনুযায়ী নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পক্ষ হাইকোর্টে যেতে পারে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। একজন নির্বাচন কমিশনার হিসেবে তিনি শুরু থেকেই একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিশ্বাস করতেন। তার ভাষায়, “আল্লাহর সরাসরি সহায়তার কারণে আমরা এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।”সব মিলিয়ে তিনি জানান, নির্বাচন কমিশন আইন ও সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। আদালতের নির্দেশ, আইনগত প্রক্রিয়া এবং সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরবর্তী সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।