স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি আরও ১৫ নেতাকে বহিষ্কার করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা, সাংগঠনিক নির্দেশনা অমান্য করা এবং দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন— বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান; নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম; ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন ও মুলুক হোসেন, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।
এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন ও মো. আলম; থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আকতার খন্দকার; থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা; কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক রাজা; কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনও বহিষ্কারের তালিকায় রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সব নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে বিএনপি ভবিষ্যতেও এ ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

