ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

সেহরিতে চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৬


মার্চ ৯, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে সেহরির সময় চুলায় আগুন জ্বালাতে গিয়ে ‘গ্যাস লাইনের লিকেজ’ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে শহরের কোড়ালিয়া রোড এলাকায় একটি বাড়ির ছয়তলা ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।দগ্ধ ছয়জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈনকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিরা চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেজ ছেলে মিরাজের স্ত্রী নিবা আক্তার (২১) চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুর রহমান সরদারের ভাগনে শাহ আলম বলেন, ‘পরিবারের লোকজন ভোর রাতে সেহেরি খাওয়ার জন্য ওঠে। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণ ঘটে। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র ও লেপ-তোশক পুড়ে যায়।’

এদিকে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে দগ্ধদের স্বজনরা ধারণা করছেন।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘দগ্ধ ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মধ্যে আশঙ্কাজনক ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘চাঁদপুর থেকে দগ্ধ চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৮৫ শতাংশ, শাহানুর বেগম ২০ শতাংশ, আব্দুর রহমান ১৮ শতাংশ ও মো. মঈনের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।