শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিদের সাথে নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন পূর্ব একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা অঙ্গনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, উপজেলা জামায়াতে আমীর শহিদুল ইসলাম মনজু, সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতে আমীর একরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায় প্রমুখ। মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

