প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৮: ৪৪
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান। প্রতিপক্ষের এমন সংগ্রহের পর চাপে থাকার কথা ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। কিন্তু জোহানেসবার্গে সেই চাপ সামলে উল্টো দাপুটে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশের বড় সংগ্রহ পেরিয়ে লিড নেওয়া এবং শেষ পর্যন্ত ৯ উইকেটের জয়; দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমার কাছে এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জোহানেসবার্গের মাঠে এর আগে এমন পরিস্থিতিতে টেস্ট জয়ের নজির ছিল না তাদের।
ম্যাচের শুরুতে বাংলাদেশ ৪০০ রান তুলে লড়াইয়ের ভিত গড়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ১৬৮ রানে গুটিয়ে দিয়ে জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য পায় স্বাগতিকেরা। বাভুমার মতে, কঠিন পরিস্থিতিতে নিজেদের পরিকল্পনায় অবিচল থাকাই এই সাফল্যের চাবিকাঠি।
ম্যাচ শেষে চাপ সামলানোর কৌশল নিয়ে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘চাপ সব সময়ই থাকে। আমার মনে হয়, নিজের মনে চাপটাকে কীভাবে দেখছি বা কীভাবে গ্রহণ করছি, সেটাই আসল বিষয়। দল হিসেবে আমরা কী করছি, তা নিয়ে মানুষের প্রত্যাশা ক্রমাগত বাড়তেই থাকবে। আমরা যেভাবে এই চাপ সামলানোর চেষ্টা করি, তা হলো নিজেদের লক্ষ্যের প্রতি মনোযোগ ধরে রাখা এবং আমরা যা অর্জন করতে চাই, সেদিকেই মনোযোগ দেওয়া।’
প্রথম ইনিংসে ৪০০ রান হজম করেও জয় পাওয়াকে তাই আলাদা অর্জন হিসেবে দেখছেন বাভুমা। তাঁর ভাষায়, ‘প্রথম ইনিংসে প্রতিপক্ষের ৪০০ রানের পরও জয় পাওয়া আমাদের জন্য বিশেষ কিছু। এই মাঠে দক্ষিণ আফ্রিকা এর আগে কখনও এমন পরিস্থিতিতে টেস্ট ম্যাচ জেতেনি। তবে আমরা সেই ইতিহাস বদলে দিয়েছি। সেই সময় আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফিরে আসার সুযোগও দিতে পারতাম।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪