প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ০০
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনায় এত দিন দায়ের বড় অংশ ছিল তিন ক্রিকেটারের ওপর। উসমান খাজা তার আত্মজীবনীতে সবার জড়িত থাকার বিষয়টি সামনে আনার পর এবার মুখ খুললেন মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফট। খাজার সঙ্গে সুর মিলিয়ে তার দাবি, বল বিকৃতির বিষয়টি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার কিংবা তিনি নিজেই নয়; অস্ট্রেলিয়া দলের সবাই এ বিষয়ে অবগত ছিলেন। কোচ ও খেলোয়াড়দের সঙ্গে বলের রিভার্স সুইং বাড়ানোর উপায় নিয়েও নিয়মিত আলোচনা হতো।
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় প্রায় চার হাজার শব্দের লেখায় ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন ব্যানক্রফট। প্যাট কামিন্সের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পর নিজেকে ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার ও একা মনে হচ্ছিল তার। সেই প্রেক্ষাপটেই নিজের ভূমিকার পাশাপাশি তদন্তের সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার কথাও স্বীকার করেছেন তিনি।
ব্যানক্রফট লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমরা তিনজন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমি জানতাম না, পুরো দলই জানত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমাকে জিজ্ঞাসাবাদ করা হলে আমি সম্পূর্ণ ও সত্যনিষ্ঠ বিবরণ দিইনি। স্যান্ডপেপার ব্যবহার কখন শুরু হয়েছিল, কত দিন চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাদের জানার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলাম।’
তিনি আরো লিখেছেন, ‘খেলার পরিস্থিতি নিজেদের পক্ষে আনার উদ্দেশ্যে ড্রেসিংরুমে সব কোচ ও খেলোয়াড় এই আলোচনায় যুক্ত ছিলেন। কেউ কেউ বেশি মতামত দিচ্ছিলেন। তবে টেস্ট জেতার লক্ষ্য নিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করছিলাম। বল রিভার্স সুইং করানোর ক্ষেত্রে স্যান্ডপেপারের প্রভাব নিয়ে আলোচনা নিয়মিত হতো। মাঠে কথাগুলো খুব স্বাভাবিকভাবেই চলত।’
পোর্ট এলিজাবেথ টেস্টের আগে ডেভিড সাকার তাকে প্রশংসা ও উৎসাহ দিয়েছিলেন বলেও দাবি করেছেন ব্যানক্রফট। তার ভাষায়, ‘এক কোচ ফিল্ডিংয়ের সময় আমার কাছে এসে বলেছিলেন, রিভার্স সুইং পাওয়ার জন্য বলের ওপর স্যান্ডপেপার দিয়ে আরো কাজ করতে হবে। কোচ ছিলেন ডেভিড সাকার। কথাটি সত্য।’
এদিকে নতুন করে তথ্য জানানোর সুযোগ দিতে ক্রিকেট অস্ট্রেলিয়া আলোচনার মঞ্চ চালুর ঘোষণা দিয়েছে। তবে নতুন তদন্ত বা শাস্তির পরিকল্পনা নেই সংস্থাটির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪