প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০: ৩০
জোহানেসবার্গ টেস্টে প্রথম বলেই আউট হন অভিষিক্ত ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে। সম্ভাবনাময় তরুণের প্রথম বলে আউট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা উঠে আসে- নবীন একজন ক্রিকেটারকে কেন ইনিংসের প্রথম বলটি খেলতে পাঠানো হলো? দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন উঠল। বিষয়টি পরিস্কার করলেন তানজিদ হাসান তামিম। তিনি জানান, আগের দিন মাহফিজুলের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছিল। দলের পক্ষ থেকে কোনোকিছু চাপানো হয়নি, বরং মাহফিজুল স্বেচ্ছায় প্রথম বল খেলেছে।
তানজিদ বলেন, 'রবিনের (মাহফিজুল) বিষয়ে যেটা বললেন, কালকে ওর সাথে আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া, কারণ সাধারণত আমিই করি। তবে যেহেতু কমফোর্টেবল বলছিল, সেহেতু ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।'
টেস্ট অভিষেকে এমন শূন্য রানে ফেরার অভিজ্ঞতা যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। তবে মাহফিজুলের সাহসিকতা ও তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী সতীর্থ তানজিদ। তিনি বলেন, 'এটা আসলে হইতেই পারে, এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তারা কিন্তু তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করব এখান থেকে সে (মাহফিজুল) কিংবদন্তি হবে।'
রবিন প্রথম বলে আউট হলেও জোহানেসবার্গে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ৷ তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪