প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২২: ৩৪
অস্ট্রেলিয়া সফররত জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সংবর্ধনা এবং প্রবাসী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের আয়োজিত মতবিনিময়সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দিনভর এসব অনুষ্ঠানে তিনি মুসলিম উম্মাহর অবস্থান, প্রবাসীদের ভূমিকা, তরুণ প্রজন্ম ও দ্বিপক্ষীয় কল্যাণমূলক সহযোগিতার নানা দিক তুলে ধরেন।
শনিবার দুপুরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের কার্যালয়ে স্থানীয় ইমাম ও আলেমদের সঙ্গে সংবর্ধনা ও মধ্যাহ্নভোজে অংশ নেয় জামায়াত প্রতিনিধিদল। কাউন্সিলের প্রেসিডেন্ট শায়খ শাদী আল সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ডা. শফিকুর রহমান বলেন, জ্ঞান ও আমলে যথাযথ গুরুত্ব না দেওয়ায় বিশ্বজুড়ে মুসলিমরা নেতৃত্বের অবস্থান থেকে পিছিয়ে পড়েছে এবং ইসলামকে যথাযথভাবে ধারণ করার মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব। সংবর্ধনা সভায় বাংলাদেশি, লেবানিজ, তুর্কি, পাকিস্তানি ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন কমিউনিটির আলেমরা উপস্থিত ছিলেন।
ওই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভা হয়। প্রকৌশলী মুহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে সভায় ডা. শফিকুর রহমান জনশক্তিকে সম্পদে রূপান্তর ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং প্রবাসী শিক্ষাবিদ শিবলী আবদুল্লাহ।
একই অডিটরিয়ামে বিকেলে শিশু-কিশোরদের সঙ্গে ‘চেঞ্জ নিডস আওয়ার ইয়থ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন সফররত প্রতিনিধিদল। বাংলাদেশি বংশোদ্ভূত শিশু-কিশোরদের বক্তব্য শোনার পর ডা. শফিকুর রহমান তাদের বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করেন।
সন্ধ্যায় স্থানীয় তুর্কি কমিউনিটির আমন্ত্রণে সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ার সেন্টার পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান ও তাঁর সফরসঙ্গীরা। প্রবীণদের সেবায় নিয়োজিত ওই কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি কমিউনিটি নেতাদের সঙ্গে মানবিক ও কল্যাণমূলক সহযোগিতার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। এরপর দেশে ফেরার আগে সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ফেডারেল পার্লামেন্ট পরিদর্শন এবং সরকারি ও বিরোধী দলের রাজনীতিবিদদের পাশাপাশি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪