প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৩: ৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে অভিযোগ করা হয়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরিবারের সদস্যরা যাতে প্রাণরক্ষার জন্য বাড়ি থেকে বের হতে না পারেন, সে উদ্দেশ্যে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে তাদের প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা।
বিবৃতিতে আরো বলা হয়, এর আগে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানায় ছাত্রশিবির।
বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে আবারো সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলা এবং বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নেতৃবৃন্দ আরো অভিযোগ করেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। বিবৃতিতে আরো বলা হয়, ‘একদিকে বিএনপি সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করছে, অন্যদিকে গণহত্যায় জড়িতদের বিচার না করে তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ তৈরি করছে।’
বিবৃতিতে বলা হয়, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’ জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে দাবি বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী সংঘটিত নাশকতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ছাত্রশিবিরি।
এছাড়া গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪