মাসুদ রানা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও জনদুর্ভোগ এড়াতে রূপগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর থেকেই জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, জেলাজুড়ে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাড়ে ৭০০ পুলিশ সদস্যের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অগ্নিসংযোগ ও সহিংসতা রোধে তারা মাঠে কাজ করছেন।
এদিকে, রাজধানীর সাথে পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান রুট
ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে (বাইপাস) রূপগঞ্জের রাজধানী গাউছিয়া মার্কেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকলেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ভোর থেকে এসব সড়কে দূরপাল্লার ও স্থানীয় যানবাহন সীমিত পরিসরে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনে রূপগঞ্জের কর্ণগোপ ও গাউছিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪