প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১: ৩৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১: ৫৮
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরুর আগে বিরোধী দলের নেতাকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই নেতা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
গোপালগঞ্জসহ দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দুই নেতা আলোচনা করেন। দেশের শান্তি-স্থিতিশীলতা রক্ষা এবং পলাতক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে দুই নেতা একমত হন। বৈঠকে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে গণঅভ্যুত্থানের সব পক্ষের মধ্যে ঐক্য বজায় রাখতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বৈঠকের প্রতিফলন দেখা যায় সংসদ অধিবেশনে দেওয়া উভয় নেতার বক্তব্য থেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
অপরদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা আবারও নাশকতা করার সুযোগ পাচ্ছে বলে সতর্ক করেন।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার সমাপনী বক্তব্যে বলেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষে দেশে একটি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪