প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২০: ০০
পাকিস্তান ক্রিকেটে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদল এসেছে। নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদ ও তরুণ ওপেনার সাইম আইয়ুব। তাদের সঙ্গে চুক্তির বাইরে রাখা হয়েছে ইমাম-উল-হকসহ আরো কয়েকজন পরিচিত মুখকে। আজ ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ ক্রিকেটারের নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবারের তালিকায় সবচেয়ে বড় পরিবর্তন চুক্তির কাঠামোয়। আগের মতো এ, বি, সি কিংবা ডি ক্যাটাগরিতে বেতনের ভিত্তিতে ক্রিকেটারদের ভাগ করেনি পিসিবি। বরং কোন ক্রিকেটার কোন সংস্করণে খেলছেন, সেটিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পাঁচটি বিভাগ। টেস্ট ও ওয়ানডে, শুধু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, শুধু টি-টোয়েন্টি এবং ডেভেলপমেন্টÑএই পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়েছে চুক্তিবদ্ধদের। নতুন চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন।
নতুন কাঠামোয় টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই চুক্তি পেয়েছেন কেবল বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্টের চুক্তিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও আরাফাত মিনহাস। আর টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা পেয়েছেন নাসিম শাহ, শাদাব খান, সাহিবজাদা ফারহানসহ সাতজন।
সবচেয়ে বড় জায়গা রাখা হয়েছে ডেভেলপমেন্ট বিভাগে। সেখানে আছেন ১৯ ক্রিকেটার, যাদের অনেকেই সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট কিংবা জাতীয় দলে নজর কেড়েছেন। সব মিলিয়ে আগের চুক্তির তুলনায় এবার আটজন বেশি ক্রিকেটারকে চুক্তির আওতায় এনেছে বোর্ড। তবে বাদ পড়েছেন ১৩ জন।
লাহোরে তালিকা ঘোষণার সময় পিসিবির হাইপারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ জানান, নির্বাচক ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। আগামী জুন পর্যন্ত কোন ক্রিকেটার কোন সংস্করণে দলের পরিকল্পনায় থাকবেন, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রধান কোচ মাইক হেসনও মনে করেন, এ ব্যবস্থা ক্রিকেটারদের নিজেদের ভূমিকা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দেবে।
তবে কেন্দ্রীয় চুক্তি না পাওয়া মানেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। আকিব জাভেদ স্পষ্ট করেছেন, চুক্তির বাইরে থাকলেও রিজওয়ানসহ অন্য ক্রিকেটাররা নির্বাচনের জন্য বিবেচিত হতে পারবেন। অর্থাৎ, তালিকা থেকে বাদ পড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ থাকছে তাদের সামনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪