টানা তিন দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নেত্রকোনায় আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ছন্দপতন ঘটেছে। জেলার বিভিন্ন স্থানে পাকা ধান জমিতে নুয়ে ও হেলে পড়েছে। কোথাও কেটে রাখা ধান পর্যাপ্ত রোদের অভাবে শুকানো যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক-কৃষাণীরা। মাঠের কাজ বন্ধ থাকায় আয় হারিয়ে চাপে পড়েছেন কৃষিশ্রমিক ও কৃষিযন্ত্রের চালকেরাও। তবে কৃষি বিভাগের দাবি, আবহাওয়ার উন্নতি হতে শুরু করায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আমনের ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু গত তিন দিনের অবিরাম বৃষ্টিতে মাঠের স্বাভাবিক কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে। সাধারণ সময়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান কাটা হলেও জলাবদ্ধতা ও কাদার কারণে অনেক জমিতে নামা যাচ্ছে না। বৃষ্টিতে ধানগাছ হেলে পড়ায় কাটা ও মাড়াইয়ের কাজও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
নেত্রকোণার কৃষক আল মামুন জানান, ফলন ভালো হলেও বৈরী আবহাওয়ার কারণে বাধ্য হয়ে ধান কাটা স্থগিত রাখতে হয়েছে। ইতোমধ্যে কেটে রাখা ধান রোদের অভাবে শুকানো যাচ্ছে না। ফলে ভেজা ও কাঁচা ধান ঘরের ভেতর জমিয়ে রাখতে হচ্ছে। এতে ধান নষ্ট হওয়া, তাপ জমে কালচে হয়ে যাওয়া ও অঙ্কুরোদ্গমের ঝুঁকি তৈরি হয়েছে।
আরেক কৃষক বারেক মিয়া বলেন, আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠলে জমির পানি ও কাদা কিছুটা শুকাবে। তখন দ্রুত ধান কাটার কাজ শুরু করবেন তাঁরা।
এদিকে ভেজা ও কাঁচা ধান নিয়ে স্থানীয় হাটবাজারে গিয়েও লোকসানের মুখে পড়ছেন চাষিরা। অতিরিক্ত আর্দ্রতার কারণে পাইকার ও ব্যবসায়ীরা এসব ধান কিনতে অনীহা দেখাচ্ছেন। মান নষ্ট হওয়ার অজুহাতে ভালো ফলন হওয়া সত্ত্বেও প্রতি মণ ধান ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। কৃষকদের অভিযোগ, বীজ, সার, শ্রমিক ও কৃষিযন্ত্রের ভাড়া মিলিয়ে উৎপাদনে যে খরচ হয়েছে, এই দামে ধান বিক্রি করে তা তোলা সম্ভব নয়।
মাঠের কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষিযন্ত্রের চালকেরাও। এক কম্বাইন হারভেস্টারচালক জানান, টানা বৃষ্টিতে জমি নরম ও কাদাময় হয়ে যাওয়ায় ভারী যন্ত্র নামানো বা নিরাপদে চালানো যাচ্ছে না। গত তিন দিন ধরে যন্ত্র বসিয়ে রাখতে হয়েছে। এতে একদিকে যন্ত্রের রক্ষণাবেক্ষণ ও কিস্তির চাপ বাড়ছে, অন্যদিকে আয়ও বন্ধ রয়েছে।
আরেক শ্রমিক ও যন্ত্রচালক বলেন, ধান কাটা ও শুকানোর কাজ না থাকায় কৃষকেরা মাঠে যাচ্ছেন না। ফলে তাঁদের দৈনিক আয়ও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
নেত্রকোণা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন জানান, বর্তমানে কর্তন পর্যায়ে থাকা জমির পরিমাণ তুলনামূলক কম। কয়েক দিনের বৃষ্টিতে ধান কাটার কাজ এক-দুই দিন পিছিয়ে গেলেও আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে। রোদ উঠলে দ্রুত বাকি ধান কাটা ও মাড়াই সম্পন্ন করা সম্ভব হবে এবং এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নেত্রকোণায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৯৯৫ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় আবাদ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৭০ হেক্টর জমি। এর মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৭১০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে।
কৃষি বিভাগের মতে, আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে মাঠের কাজে আবারও গতি পাবে। এতে দ্রুত ধান কাটা ও মাড়াই শেষ করা সম্ভব হলে কৃষকেরা সম্ভাব্য ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪