নওগাঁর বদলগাছী উপজেলায় টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন ইটভাটার মালিক ও কৃষকেরা। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে লাখ লাখ কাঁচা ইট। এতে ইটভাটা মালিকদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে মাঠে কেটে রাখা পাকা আমন ধান ও খড় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। পাশাপাশি জমিতে আলু ও সরিষা চাষের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে বিরূপ আবহাওয়ায় উপজেলার কৃষি ও ইটভাটা শিল্পে দেখা দিয়েছে উদ্বেগ।
সরেজমিনে দেখা যায়, কার্তিক মাসের শুরু থেকেই উপজেলার বিভিন্ন ইটভাটায় ইট তৈরি ও শুকানোর কাজ পুরোদমে চলছিল। কিন্তু হঠাৎ টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভাটার মাঠে রাখা লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। অনেক ভাটায় কাঁচা ইটের খামাল ধসে পড়েছে। ফলে নষ্ট হওয়া ইট সরানো, খলিয়ান পরিষ্কার এবং নতুন করে ইট তৈরিতে অতিরিক্ত শ্রমিক ও অর্থ ব্যয়ের আশঙ্কা করছেন ভাটামালিকেরা।
ভাটামালিকদের ভাষ্য, শীত মৌসুমের শুরুতেই ইট উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় আবহাওয়া অনুকূলে থাকলে কাঁচা ইট দ্রুত শুকিয়ে পোড়ানোর উপযোগী হয়। কিন্তু মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। এতে নির্ধারিত সময়ে ইট সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভাটা ব্যবসায়ী সূত্রে জানা যায়, ইট তৈরির কাঁচামাটি, শ্রমিকের মজুরি, নষ্ট ইট সরানো, জ্বালানি তেল ও পরিবহন খরচসহ বিভিন্ন ব্যয় আগেই বেড়েছে। এর মধ্যে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় নতুন করে আর্থিক চাপ তৈরি হয়েছে।
এ বিষয়ে আল-ফা ব্রিকসের পরিচালক ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি প্রভাষক এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নওগাঁ বদলগাছী উপজেলায় ২৪ থেকে ২৫টি ইটভাটায় কাজ শুরু হয়েছে। বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে প্রতিটি ভাটায় আনুমানিক ১৫ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হতে পারে। সব ভাটা মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা হতে পারে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আমেদুল ইসলাম চঞ্চল বলেন, বৃষ্টির কারণে ইটভাটা ব্যবসায়ীদের আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ কোটি টাকা লোকসান হতে পারে।
কৃষকের মাঠেও দুশ্চিন্তার ছাপ
অন্যদিকে নওগাঁর বদলগাছী উপজেলায় ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এরই মধ্যে অনেক কৃষক পাকা ধান কেটে খড় তৈরির জন্য মাঠে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টিতে কাটা ধান ও খড় ভিজে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। পাশাপাশি আলু ও আগাম সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করেও বৃষ্টির কারণে সময়মতো বীজ রোপণ করতে পারছেন না কৃষকেরা।
মিঠাপুর চকের মাঠের কৃষক সামছুল বলেন, পাঁচ বিঘা জমির ধান কেটে খড় তৈরির জন্য মাঠে রেখেছি। কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে। জমিতে গেলে এখন চোখে পানি আসে।
পাহাড়পুর এলাকার কৃষক সোহাগ ও ফারুক জানান, আলু চাষের জন্য জমি প্রস্তুত করেছিলেন তাঁরা। কিন্তু টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। এতে আলু রোপণ পিছিয়ে যাচ্ছে। একইভাবে অনেক কৃষক আগাম সরিষা রোপণের সুযোগ হারিয়ে পিছিয়ে পড়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষিবিদ মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বদলগাছী উপজেলায় ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছু এলাকায় আংশিক ক্ষতির বিষয়টি আমরা লক্ষ করছি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করছেন।
তিনি আরও জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ৪ হাজার কৃষকের মধ্যে সরিষার বীজ ও অন্যান্য উপকরণ বিতরণের জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে আবহাওয়ার কারণে সরিষা রোপণ কিছুটা পিছিয়ে যেতে পারে।
টানা বৃষ্টিতে একদিকে ইটভাটা মালিকদের কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা, অন্যদিকে মাঠের পাকা আমন ধান ও আগাম ফসল নিয়ে কৃষকদের দুশ্চিন্তা—সব মিলিয়ে বদলগাছী উপজেলার কৃষি ও ইটভাটা সংশ্লিষ্টদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪