প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১: ৫২
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি নানাভাবে নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে, তবে সরকার এ বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বক্তব্যে রুহুল কবির রিজভী দাবি করেন, বর্তমান সরকারের আমলে আগের মতো গুম, খুন বা ক্রসফায়ারের সংস্কৃতি নেই এবং মানুষ ভয়হীনভাবে চলাফেরার পরিবেশ পাচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক ধারায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহিমূলকভাবে কাজ করছে।
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, তা নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।
দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মী হত্যাসহ গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। সভায় জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪