নদী পারাপারের ভোগান্তি কমাতে খাগড়াছড়ির দীঘিনালায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাকু নির্মাণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা। তাঁদের এ উদ্যোগে মাইনী নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে নতুন সুযোগ তৈরি হয়েছে।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের পাকুইজ্জাছড়ি লক্ষ্মীকুমার কার্বারি পাড়ায় মাইনী নদীর ওপর সাকুটি নির্মাণ করা হয়।দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে বেতছড়ি ১, ২ ও ৩ নম্বর প্লাটুনের সদস্যরা নির্মাণকাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিজেদের শ্রম ও সময় দিয়ে তাঁরা বাঁশের সাকুটি তৈরি করেন।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নদীর ওপর পারাপারের উপযুক্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিনই তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে ঝুঁকি আরও বাড়ত। বিশেষ করে জরুরি প্রয়োজনে নদী পারাপার করতে গিয়ে দুর্ভোগে পড়তে হতো। নতুন সাকুটি নির্মিত হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।
উল্লেখ্য, হিল ভিডিপির সদস্যরা দুর্গম এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তাঁদের অংশগ্রহণ রয়েছে।স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় ছোট পরিসরের এমন উদ্যোগও মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। মাইনী নদীর ওপর বাঁশের সাকু নির্মাণের মাধ্যমে হিল ভিডিপি সদস্যরা স্থানীয় মানুষের চলাচলে সহায়তার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪