প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯: ০৭
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে ডগাইর-বামৈল এলাকায় সোয়া ৯ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের অধীনে আগামী দুই মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এর আওতায় প্রায় ৪৪ হাজার ঘনমিটার স্লাজ ও বর্জ্য অপসারণ করা হবে। কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল এবং সংশ্লিষ্ট শাখা খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করা হবে। এর মধ্যে কোনাপাড়া ব্রিজ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত সাড়ে চার কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে সাংবাদিকের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার, মহাকাশ রোড সংলগ্ন পৌনে এক কিলোমিটার এবং সাংবাদিকের বাড়ি থেকে আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত দেড় কিলোমিটার খাল অন্তর্ভুক্ত রয়েছে। খালগুলোর প্রস্থ ১২ থেকে ২৫ ফুট।
উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। তাদের এই দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পরিষ্কারের পর দুই পাশ বাধাই করে ওয়াকওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। খালগুলো যেন পুনরায় দখল বা দূষণের শিকার না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, সিটি করপোরেশনের অর্থায়নে প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে। তবে খালে কোনো অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান বরদাস্ত করা হবে না।
ডিএসসিসির অঞ্চল-৮ ও ৯-এর অধীন ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডের এই কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় আট লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থল হ্রাস ও ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে।
খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাপরিচালক জিয়া হাবিব আহসান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪