উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৯: ০৭
বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষ গ্রহণের সময় এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে পটুয়াখালী দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে। ওই দিন দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধনে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে ‘এলজিসিআরআরপি’ প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিল মাসে আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান এ কাজের দরপত্র আহ্বান করেন। অভিযোগ রয়েছে, ঝালকাঠির ‘ইসলাম ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হলেও বাস্তবে সমুদয় কাজ করেন সাবেক মেয়র মতিয়ার রহমান। ২০২৪ সালের ৩০ জুলাই এ কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি; বর্তমানে কাজটি চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাতক সাবেক মেয়র মতিয়ার রহমান সাব-ঠিকাদার নোমান রেজার মাধ্যমে কাজটি করাচ্ছেন এবং ওই কাজের তদারকির দায়িত্বে রয়েছেন উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান। সাব-ঠিকাদার নোমান রেজার অভিযোগ, তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন রুবেল খান। দাবি করা ওই টাকা সোমবার বেলা ১১টার দিকে সাবেক মেয়র মতিয়ার রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি কক্ষে তাকে দেওয়া হয়। এ সময় পটুয়াখালী দুদকের একটি দল টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ওই দিন দুপুরে সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের দুদক সহকারী পরিচালক তাপস বিশ্বাস আমতলী ডাকবাংলো প্রাঙ্গণে প্রেস ব্রিফিং শেষে তাকে আমতলী থানায় সোপর্দ করেন।
পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের দুদক সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘হাতেনাতে ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে দেওয়া তথ্যের টাকার নম্বরের সঙ্গে তার কাছে থাকা টাকার নম্বর হুবহু মিলে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘দুদক আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রেখেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সরকারি চাকরিবিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪