শিক্ষার্থীদের মেধা, মনন, যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে বিতর্ক, রচনা, কুইজ ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে নব-জাগরণ পাঠাগার। প্রতিযোগিতায় জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে প্রথম স্থান অর্জন করে ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়।সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।বিতর্কের বিষয় ছিল, ‘ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে আশীর্বাদ, নাকি শিক্ষার পরিবেশ বিনষ্টের অভিশাপ?’ এ বিষয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে। প্রাণবন্ত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন, তাৎক্ষণিক প্রশ্নের উত্তর এবং পাল্টা যুক্তি প্রদানের মাধ্যমে নিজেদের দক্ষতার পরিচয় দেয়।প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, প্রভাষক শফিউর রহমান ও সহকারী শিক্ষক জহুরুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, জাহিদ হাসান জীবন।
নব-জাগরণ পাঠাগারের সভাপতি নূরে এ আশরাফ সিদ্দিক শ্রাবণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক আকন্দ, নব-জাগরণ পাঠাগারের সাধারণ সম্পাদক রাকিব হাসান, সদস্য শাহাদাত হাসান শিহাব, জিসান হাসান জীবন, শফিক ইসলাম ও জয়নব আকতার জেবিন।এ সময় বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু কথা বলার দক্ষতাই বাড়ায় না, বরং যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলতা, আত্মবিশ্বাস ও বিশ্লেষণী ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সচেতন হতে সহায়তা করে। পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি নব-জাগরণ পাঠাগারের উদ্যোগে পূর্বে আয়োজিত রচনা, কুইজ ও দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।নব-জাগরণ পাঠাগারের সদস্যরা জানান, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস, সৃজনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪