শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মোঃ আশিকুর রহমান ইমন (৪৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় জেলা পরিষদ মোড়ের সামনে ২ নম্বর রেলগেট সংলগ্ন ‘রাইট ট্র্যাক অনলাইন'দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিকুর রহমান ইমন ওই এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সজীবের নামে জাফর এবং গাইবান্ধার আশিকুরের মাধ্যমে পোস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে সদর ফাঁড়ির পুলিশও সহযোগিতা করে।
পুলিশের দাবি, অভিযানের সময় দোকানে প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হার্ডডিস্ক খুলে ফেলার চেষ্টা করা হয়। পরে পুলিশ হার্ডডিস্কটি পুনরায় সংযুক্ত করে কম্পিউটারের বিভিন্ন ফাইল পর্যালোচনা করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা বিভিন্ন লিফলেট, আগামী ডিসেম্বর ২০২৬ সালে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনসংক্রান্ত প্রচারপত্র এবং শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তৈরি লিফলেট পাওয়া যায় বলে জানায় পুলিশ।
এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যক্রম পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে গোপনে প্রচারণার উদ্দেশ্যে এসব লিফলেট তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। তৈরি করা প্রচারপত্র অনলাইন ই-মেইলের মাধ্যমে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও রংপুর বিভাগীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানোর তথ্যও পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় গ্রেপ্তার আশিকুর রহমান ইমনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক)(ঘ), ২৩(২) ও ২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ২২।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪