প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২৩: ০৩
রাজধানীর খিলগাঁও রেলগেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মীরা। বুধবার রাত ৮টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাসিমা বেগম ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এবং শাহজাহানপুর থানা শ্রমিক দলের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি খিলগাঁও ফ্লাইওভার থেকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুতগতিতে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে একটি বোমা সরাসরি নাসিমা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা খিলগাঁও রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। এদিকে হামলার খবর পেয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে ছুটে যান এবং আহত নাসিমার খোঁজখবর নেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ জানান, আহত শ্রমিক দল নেত্রী নাসিমা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪