উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২: ০১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শহিদুল ইসলাম খান বাবুল এমপি। পুলিশ-সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের দিকেও ব্যর্থতার আঙুল তুলেছেন তিনি।
মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজুর লাশ দেখতে এসে এ মন্তব্য করেন তিনি। এ সময় তাকে পেয়ে রাজুর বাবা, মা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
বাবুল এমপি আরও বলেন, হামলার রাতে পুলিশকে মিশ্র ভূমিকা পালন করতে দেখা গেছে। তা না হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে বোমা ও গুলি বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করে উল্লাস করার পরও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা পালন করতে দেখা যায়নি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে এগিয়ে গেলেও পুলিশ তখন ঘটনাস্থলের সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে এভাবে প্রাণ দিতে হতো না। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণেই অপরাধীরা এমন ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।
এরআগে, মঙ্গলবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী ‘সবুজ বাংলা’ নামের একটি গাড়ি কৃষক দলের নেতা রাজু মোল্লাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসছে’ বলে স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টি করেন।
নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের নতুন কমিটির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশের কাজে কিছু সমালোচনা থাকে। সেই বিষয়গুলো মাথায় রেখেই পুলিশকে কাজ করতে হয়। ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, কৃষক দলের নেতা রাজু মোল্লার হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। আটককৃতদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪