প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৫: ৪৫
উইকেটরক্ষক হিসেবে একের পর এক রেকর্ড গড়ে চলছেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে খালেদ মাসুদের এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ভেঙেছিলেন। এবার ভাঙলেন মুশফিকুর রহিমের রেকর্ড। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে এখন সবার ওপরে লিটন।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৭ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ৬ ব্যাটারই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিজকে, উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার সাজঘরে ফিরেছেন লিটনের গ্লাভসে ধরা পড়ে। এতে লিটনের ডিসমিসাল সংখ্যা ছয়ে পৌঁছেছে।
এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল পাঁচটি। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম।
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ৯টি ডিসমিসাল করে লিটন গড়েছিলেন আরও বড় কীর্তি। এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে যান তিনি। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাতটি ডিসমিসাল করেছিলেন পাইলট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪