প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৪: ২৮
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজের বিমা ব্যয় বাড়ছে। এমন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের নিজস্ব একটি সামুদ্রিক সংস্থা। ওয়াশিংটনের অবরোধের বিরূপ প্রভাব নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ একটি স্মারকলিপিতে উদ্বেগের কথা উঠে এসেছে।
আলজাজিরার হাতে আসা নথিতে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (মারাড) এক সতর্কবার্তায় স্বীকার করে, ইরান যুদ্ধের কারণে জাহাজের বিমা প্রিমিয়াম বেড়েছে এবং পণ্য পরিবহনের সক্ষমতা কমেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবরোধ ভাঙার চেষ্টার অভিযোগে পানামার পতাকাবাহী একটি বাল্ক কার্গো জাহাজ অচল করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই সতর্কবার্তা দেওয়া হয়।
গত ১২ অক্টোবর মারাডের প্রশাসক স্টিফেন এম কারমেল তাঁর অধস্তন এক কর্মকর্তার সঙ্গে সতর্কবার্তাটি শেয়ার করেন। এর আগে সেন্টকম ‘ওশান মলিকা’ নামের জাহাজটিতে হামলা চালিয়ে সেটি অচল করে দেয়। একই সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশে আরো তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য কারা দায়ী, তা স্পষ্ট করা হয়নি।
‘অ্যালার্ট—হরমুজ ঝুঁকি প্রণালির বাইরেও ছড়িয়ে পড়ছে’ শিরোনামের ওই স্মারকলিপিতে বলা হয়, ‘কেন এটি গুরুত্বপূর্ণ: আগের সতর্কবার্তার তুলনায় পরিস্থিতি অনেক বেশি গুরুতর হয়েছে। এখন বাণিজ্যিক জাহাজগুলো উভয় পক্ষের সামরিক হামলার ঝুঁকিতে রয়েছে। এই হুমকি উপসাগরীয় অঞ্চলের জাহাজ নোঙর করার স্থান এবং ওমান উপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।’
স্মারকলিপিতে আরো বলা হয়, এর ফলে যুদ্ধঝুঁকির বিমা প্রিমিয়াম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি নাবিকদের জাহাজে কাজ করতে অস্বীকৃতি জানানোর ঘটনা বাড়তে পারে। এতে কার্যত তেলবাহী জাহাজের পরিবহন সক্ষমতাও কমে যেতে পারে।
কারমেল মারাডের সামুদ্রিক বিমা দপ্তরের কর্মকর্তা মাইকেল ইয়ারিংটনকে একটি ই-মেইলে সতর্কবার্তাটি পাঠান। এতে তিনি হামলার কারণে বিমা প্রিমিয়ামে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে তথ্য চান। একই সঙ্গে যুদ্ধঝুঁকির বিমাব্যবস্থা ‘পুনর্গঠন’ করতে সংস্থাটির নেওয়া উদ্যোগের অগ্রগতি সম্পর্কেও জানতে চান।
তবে সতর্কবার্তাটি মারাডের ভেতর থেকে তৈরি হয়েছিল, নাকি অন্য কোনো সরকারি সংস্থা থেকে এসেছিল, তা স্পষ্ট নয়।
ই-মেইলে কারমেল ইয়ারিংটনকে লেখেন, ‘এসব ঘটনার পর বিমাবাজার কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে?’
জবাবে ইয়ারিংটন জানান, তার এক সহকর্মী এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য লন্ডনে যোগাযোগ করেছেন। পরে তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে সংকলিত বিমা প্রিমিয়াম বৃদ্ধির একটি সারসংক্ষেপ পাঠান।
এ ছাড়া যুদ্ধঝুঁকির বিমা নিয়ে মারাডের কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কয়েকটি ‘মূল দায়িত্বের’ বিবরণও পাঠান ইয়ারিংটন। তবে নথি প্রকাশের আগে ই-মেইল থেকে ওই দায়িত্বগুলোর বিস্তারিত তথ্য মুছে দেওয়া হয়েছিল।
তথ্য অধিকার আইনের (ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট) আওতায় মারাডের কাছে আবেদন করে এসব নথি সংগ্রহ করেছে আলজাজিরা। যুক্তরাষ্ট্রের সামুদ্রিক শিল্পের উন্নয়ন ও প্রসারে কাজ করে সংস্থাটি।
মার্কিন পরিবহন বিভাগের অধীন এই সংস্থা। তবে হোয়াইট হাউস, প্রতিরক্ষা বিভাগ এবং সেন্টকমের কাছেও এ বিষয়ে তথ্য ও কার্যক্রমের সম্পর্ক রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে মারাডের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের নেতিবাচক প্রভাব নিয়ে এই অভ্যন্তরীণ সতর্কবার্তা এমন সময়ে সামনে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চললেও যুদ্ধের চূড়ান্ত অবসানের কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। দুই দেশের মধ্যে আলোচনা কখনো এগিয়েছে, আবার কখনো থমকে গেছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রয়োজনীয়তা নাকচ করেন। এর কয়েক দিন আগে তিনি বলেছিলেন, সংঘাতের অবসান ‘খুব শিগগির’ হতে পারে এবং নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা ‘খুবই কম’।
তবে বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা তাদের অর্থ—শত শত বিলিয়ন ডলার—পেয়েছি। পেয়েছি তাদের প্রণালিও।’
জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের ন্যাশনাল সিকিউরিটি ল প্রোগ্রামের পরিচালক ও অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টড হান্টলি বলেন, অবরোধের প্রভাব পর্যবেক্ষণের উদ্দেশ্য সম্ভবত যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য শাখাকে পরামর্শ দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
আলজাজিরাকে হান্টলি বলেন, ‘আমার জানা মতে, মারাড বিভিন্ন ঘটনা বা হুমকি নিয়ে সাধারণ সতর্কবার্তা দিয়ে থাকে। কিন্তু বিমার হার বেড়ে যাওয়ার মতো পরিণতি নিয়ে সাধারণত তারা আলোচনা করে না।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, অবরোধের নির্দেশ দেওয়া ও তা বাস্তবায়নের সময় যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এই ঝুঁকির বিষয়টি বিবেচনা করেননি, অথবা উপেক্ষা করেছেন। ইরানের অতীত কর্মকাণ্ড ও হুমকির কথা বিবেচনা করলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা আমার কাছে বেশ স্পষ্ট ছিল।’
সামুদ্রিক নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান আইআর কনসিলিয়ামের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ইয়ান রালবি বলেন, ট্রাম্প প্রশাসন অবরোধের ‘কৌশলগত প্রভাব’ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে না। বরং জাহাজ চলাচলের মাধ্যমে ইরানের অর্থনৈতিক টিকে থাকার সুযোগ বন্ধ করাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
আলজাজিরাকে রালবি বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়ছে, তা নিয়ে তিনি বিচলিত নন। অবরোধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই এমনও হতে পারে, অবরোধের সম্ভাব্য পরিণতি বিবেচনা করা হয়েছিল, কিন্তু সেগুলোকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রসীমায় একের পর এক হামলার ঘটনা ঘটছে। এতে বিশ্বজুড়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে জাহাজে প্রায় ১৩০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।
আইএমওর হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলের জন্য সবচেয়ে ভয়াবহ মাস ছিল অক্টোবর। ওই মাসে ৩৫টি জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়।
যুদ্ধ চলাকালে অধিকাংশ হামলার জন্য ইরান বা ইরান সমর্থিত বাহিনীকে দায়ী করা হয়েছে। তবে সেন্টকমও অন্তত দুই ডজন জাহাজ ধ্বংস বা অচল করে দেওয়ার দায় স্বীকার করেছে। এসব জাহাজের কয়েকটিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ছায়া নৌবহরের অংশ বলে শনাক্ত করেছে তারা।
হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয়ও ব্যাপকভাবে বেড়েছে।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থার (ওপেক) তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ায় অপরিশোধিত তেল বহনকারী একটি ট্যাংকারের বিমা ব্যয় জানুয়ারি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় ২০০ গুণ বেড়েছে। প্রতি ব্যারেল তেলের বিপরীতে এই ব্যয় দাঁড়িয়েছে ১২ দশমিক ২৯ ডলারে।
সিঙ্গাপুরের পার্লামেন্টে উপস্থাপিত শিল্প খাতের বিভিন্ন হিসাব অনুযায়ী, গত জুলাই পর্যন্ত যুদ্ধঝুঁকির বিমা নিতে জাহাজের বাজারমূল্যের ৩ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম দিতে হয়েছে। যুদ্ধ শুরুর আগে এই হার ছিল মাত্র শূন্য দশমিক ১০ থেকে শূন্য দশমিক ২৫ শতাংশ। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহ ও জাহাজ চলাচলকেন্দ্র।
জাহাজ চলাচলের ব্যয় বাড়ার পাশাপাশি যুদ্ধের বিভিন্ন সময়ে অপরিশোধিত তেল ও সারের দামও ব্যাপকভাবে বেড়েছে। কোনো কোনো সময়ে এই দুই পণ্যের দাম যথাক্রমে ৬০ শতাংশ ও ১১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সিঙ্গাপুরের স্বাধীন গবেষক বুন চুয়ান লিম বলেন, অবরোধ কার্যকরের সময় যুক্তরাষ্ট্রের হামলাকেও ঝুঁকি মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে—এটি বিশেষভাবে লক্ষণীয়।
হরমুজ প্রণালির অস্থিরতা নিয়ে তাঁর গবেষণা ‘বোরসা ইস্তাম্বুল রিভিউ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
আলজাজিরাকে লিম বলেন, ‘কোনো জাহাজকে অচল করে দেওয়ার মতো হামলা ওই অবরোধ কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ক্ষতির নতুন একটি ঝুঁকি তৈরি করে। তবে এর প্রভাব নির্ভর করে প্রতিটি জাহাজের পরিস্থিতির ওপর।’
তিনি বলেন, ঝুঁকি শুধু হরমুজ প্রণালির সংকীর্ণ নৌপথে সীমাবদ্ধ নয়। ভৌগোলিক অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ।
লিমের ভাষায়, ‘ঝুঁকি শুধু প্রণালির মধ্যে সীমাবদ্ধ নয়। বন্দরে নোঙর করে থাকা, জ্বালানি সংগ্রহ করা কিংবা বন্দরের দিকে এগিয়ে যাওয়া জাহাজও হামলার ঝুঁকিতে থাকতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিমার শর্ত নির্ভর করে জাহাজের ধরন, চলাচলের পথ, ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান এবং সেখানে কতক্ষণ থাকতে হচ্ছে, তার ওপর। ফলে হুমকি বিস্তৃত হলে ব্যয় বাড়তে পারে এবং প্রণালি পার হওয়ার বাইরেও জাহাজ পরিচালনা জটিল হয়ে উঠতে পারে। তবে এর অর্থ এই নয় যে প্রতিটি জাহাজের জন্য একই হারে অতিরিক্ত বিমা প্রিমিয়াম দিতে হবে।’
এদিকে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাবকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে ডেমোক্র্যাটদের এই নির্বাচনী সাফল্যকে। কয়েক দশকের মধ্যে এবারই নির্বাচনে দলটি সবচেয়ে ভালো ফল করেছে।
এ পর্যন্ত ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্র্যাটরা ৫৬টি আসন এবং ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৭টি আসন নিশ্চিত করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪