প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৪: ৫০
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন বলে নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। গতকাল সোমবার প্রকাশিত এই হিসাব অনুযায়ী, যুদ্ধে রুশ সেনাদের প্রাণহানির সংখ্যা আগের ধারণার চেয়ে অনেক বেশি। ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য অর্জনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বিপুলসংখ্যক সেনার প্রাণহানিও মেনে নিতে প্রস্তুত, এই হিসাব তা স্পষ্ট করেছে।
রাশিয়ার নির্বাসিত সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা যৌথভাবে এ হিসাব তৈরি করেছে। এ কাজে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের পাওয়া নতুন কিছু তথ্য ব্যবহার করা হয়েছে। ইউক্রেনপন্থি দুটি হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস অব বেলারুশ ও সাইলেন্ট ক্রো রাশিয়ার সরকারি তথ্যভান্ডার থেকে এসব তথ্য সংগ্রহ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করে।
নতুন এই হিসাব আগের মূল্যায়নের তুলনায় রাশিয়ার সেনা নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। ক্রেমলিন দীর্ঘদিন ধরে যুদ্ধে নিহত সেনাদের প্রকৃত সংখ্যা গোপন রেখেছে। ফলে যুদ্ধের সম্মুখসারিতে রাশিয়ার কত সেনা প্রাণ হারিয়েছেন, সে সম্পর্কে দেশটির সাধারণ মানুষের ধারণা সীমিত।
প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন। আপাতত এই যুদ্ধ বন্ধ করার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। দমন-পীড়ন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ ও প্রচারণার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট দেশে যুদ্ধের সমালোচনামূলক তথ্য নিয়ন্ত্রণে রেখেছেন। একই সঙ্গে যুদ্ধের বিপুল মানবিক ও অর্থনৈতিক মূল্য নিয়ে সাধারণ মানুষের অসন্তোষও দমিয়ে রেখেছেন।
যেভাবে তৈরি হলো নিহতের হিসাব
মেদুজা ও মিডিয়াজোনা কয়েক বছর ধরে রাশিয়ার যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা পর্যবেক্ষণ করছে। এ জন্য তারা মূলত রাশিয়ার উত্তরাধিকারসংক্রান্ত নথি এবং মৃত্যুসংবাদ বিশ্লেষণ করেছে।
তবে হ্যাকারদের কাছ থেকে পাওয়া নতুন তথ্য তাদের বিশ্লেষণে গুরুত্বপূর্ণ নতুন উপাদান যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার নাগরিক নিবন্ধনব্যবস্থা এবং সরকারের পরিচালিত তথ্য বিনিময়ব্যবস্থার উপাত্ত। এসব ব্যবস্থায় থাকা পরিচয় গোপন করা তথ্য রসস্ট্যাটের কাছে পাঠানো হয়। জাতীয় পরিসংখ্যান তৈরিতে সেগুলো ব্যবহার করা হয়।
নতুন তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যম দুটি দেখতে পেয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত রুশ সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।
তবে রাশিয়ার সরকারি তথ্যব্যবস্থায় মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত হতে দীর্ঘ সময় লাগে। ফলে এই হিসাবে ২০২৬ সালে নিহত অধিকাংশ সেনার তথ্য নেই। ২০২৫ সালে নিহত অনেক সেনার মৃত্যুর তথ্যও এতে অন্তর্ভুক্ত হয়নি।
এ কারণে সংবাদমাধ্যম দুটি বৈজ্ঞানিক পূর্বাভাস পদ্ধতি ব্যবহার করে নিহতের সম্ভাব্য মোট সংখ্যা নির্ধারণ করেছে। এতে মৃত্যুর তথ্য হালনাগাদ থাকলে এবং নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত কিন্তু সম্ভবত নিহত সেনাদের হিসাব যুক্ত হলে মোট সংখ্যা কত দাঁড়াতে পারে, তা অনুমান করা হয়েছে।
এই হিসাব অনুযায়ী, যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়ে থাকতে পারেন। চলতি বছরের শুরুতে প্রকাশিত তাদের আগের হিসাবের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। তবে যুদ্ধে কতজন রুশ সেনা আহত হয়েছেন, তা এই বিশ্লেষণে নির্ধারণ করা হয়নি।
তবে তথ্য ও বিশ্লেষণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য নিউ ইয়র্ক টাইমস। যুদ্ধের সময় প্রকৃত প্রাণহানির সংখ্যা নির্ধারণ করা অত্যন্ত কঠিন। কোনো যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও নিহতের সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকে।
সেনা নিয়োগে প্রাণহানি সামাল দিচ্ছে মস্কো
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক মাইকেল কফম্যান বলেছেন, রাশিয়া যত সেনা নিয়োগ করছে, তার চেয়ে বেশি সেনা হারাচ্ছে। তবে ২০২৬ সালে দেশটি প্রায় ৪ লাখ ৯ হাজার সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের পথে রয়েছে। নতুন সেনা নিয়োগে রুশ কর্তৃপক্ষ এখনো বড় অঙ্কের আর্থিক প্রণোদনা দিচ্ছে।
কফম্যানের মতে, এই হারে সেনা নিয়োগের কারণে রাশিয়া যুদ্ধে প্রাণহানি সামাল দিয়ে লড়াই চালিয়ে যেতে পারছে। তবে এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান উন্নত করার সম্ভাবনা কম।
একপর্যায়ে রুশ সরকারের আক্রমণ পরিচালনার জন্য পর্যাপ্ত পদাতিক সেনার সংকট দেখা দিতে পারে বলেও মনে করেন তিনি।
কফম্যান বলেন, রাশিয়া যদি সেনা ব্যবহারের কৌশল পরিবর্তন না করে, তাহলে তাদের যুদ্ধের ফল ক্রমেই কমে আসবে। বর্তমান পরিস্থিতিতে উন্নতির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
ইউক্রেনের প্রাণহানির নির্ভরযোগ্য হিসাব নেই
যুদ্ধে ইউক্রেনের কত সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য তুলনামূলকভাবে কম। তবে সাধারণভাবে ধারণা করা হয়, রাশিয়ার সেনা নিহতের সংখ্যা ইউক্রেনের তুলনায় অনেক বেশি। কারণ, যুদ্ধে আক্রমণকারী বাহিনীর প্রাণহানি সাধারণত প্রতিপক্ষের তুলনায় বেশি হয়। এ ছাড়া সামরিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার ব্যবহৃত কিছু যুদ্ধকৌশল তাদের সেনাদের প্রাণহানি আরো বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গত জুন পর্যন্ত ইউক্রেনের ১ লাখ ৫০ হাজার যোদ্ধা নিহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের সেনাদের নিহত ও নিখোঁজ হওয়ার তথ্য সংগ্রহকারী দুটি ওয়েবসাইট—লস্টআর্মর ডট ইনফো এবং ইউএএললসেস ডট অর্গের হিসাবে, দেশটির নিহত ও নিখোঁজ সেনার সংখ্যা ২ লাখের অনেক বেশি। তবে এসব ওয়েবসাইটের তথ্যের স্বচ্ছতা সীমিত। ফলে ইউক্রেনের প্রকৃত সেনা প্রাণহানির সংখ্যা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪