আশুলিয়ায় কেমিক্যাল ব্যবহারে জর্দা তৈরি, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার জামগড়া মনির মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে ‘হোসেন পাতি জর্দা’ ও ‘হালিমা পাতি জর্দা’ নামে একটি কারখানায় জর্দা উৎপাদনের অভিযোগ উঠেছে। কারখানাটিতে জর্দা তৈরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানাটি পরিচালিত হওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত ঝাঁজালো গন্ধে আশপাশের বাড়িঘরের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কারখানার আশপাশে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় শুধু স্থানীয় বাসিন্দারাই নন, পথচারীরাও ভোগান্তিতে পড়ছেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানে জর্দা তৈরি করার কারণে এর গন্ধে আমাদের অনেক সমস্যা হয়। আশপাশে বাড়িঘর, স্কুল, মসজিদ ও দোকানপাট রয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’
এদিকে কারখানাটির বৈধ কাগজপত্র না থাকার অভিযোগের বিষয়ে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় এবং তাঁরা সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করে।
এ অভিযুক্ত শাকিল বলেন, ‘জর্দা তো সবাই খায়। এসব নিয়ে নিউজ করতে এসেছেন, অথচ এলাকায় অবাধে মাদক বিক্রি হচ্ছে, সেসব নিয়ে নিউজ করেন না কেন?’ এলাকায় কারা মাদক বিক্রি করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নাম বলব কেন, আপনারা খুঁজে নেন।’
অন্যদিকে কারখানার মালিক হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ, কাজ করে খাচ্ছি। কাগজপত্রের জন্য আবেদন করেছি।’ জর্দায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তাঁদের উৎপাদিত জর্দায় কোনো ধরনের ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয় না।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের বলেন, যেহেতু আমরা আপনাদের মাধ্যমে এই জর্দা কারখানার খবর পেয়েছি খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪
প্রকাশিত সংবাদপত্রের অংশ