মিশরের বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমাবর্তনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে ৪০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন।৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতকের অংশগ্রহণে আয়োজিত এ সমাবর্তনে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এক গৌরবের উপলক্ষ হয়ে উঠেছে।সমাবর্তনে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সাতক্ষীরার সন্তান মাসুম বিল্লাহ গুলজার। তিনি তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে ৯৫.০৩ শতাংশ নম্বর অর্জন করে সর্বোচ্চ সম্মাননাসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ২৫টি দেশের ২৫ জন মেধাবী শিক্ষার্থীর একজন হিসেবে লাভ করেছেন ‘দিরউত তামাইয়্যুজিল ইলমি’ (একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট) ও বিশেষ সম্মাননা।উল্লেখ্য, সমাবর্তনে আকিদা ও দর্শন, তাফসির, হাদিস, শিক্ষাতত্ত্ব ও ইতিহাস, আরবি ভাষা এবং শরিয়াহ ইসলামিয়া অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করেছেন। আল-আজহার বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ইসলামি জ্ঞান, গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ দিয়ে আসছে। এ বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন সাফল্য দেশের দ্বীনি শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।বাংলাদেশি শিক্ষার্থীদের এ অর্জনে সংশ্লিষ্ট সবাই আনন্দিত ও গর্বিত। তাঁদের ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাঁদের অর্জিত জ্ঞানকে দ্বীন ও মানবতার কল্যাণে কবুল করুন। আমিন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪