দেশে নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়ায়, বঙ্গবাজারের পাশে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
বর্তমানে রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল চালু রয়েছে। হাসপাতালটির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুমোদন পাওয়ায় এখন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।প্রাথমিকভাবে সরকারি কর্মচারী হাসপাতালেই মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। নতুন এই প্রতিষ্ঠান চালু হলে দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা আরও বাড়বে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪