পাবনার আটঘরিয়ায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত গুণী শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. ইমরান হোসাইনকে সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি মোস্তফাবিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুস সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম, আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আতাউর রহমান রানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একদন্ত ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. আব্দুল মালেক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিদুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগ প্রশংসনীয়।বিশেষ অতিথি মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চৌকিবাড়ি মোস্তফাবিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা তাঁর শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি শিপ্রা রাণী মন্ডল বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা। মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংবর্ধিত শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. ইমরান হোসাইন বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। এ সম্মাননা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মাদরাসার সভাপতি মো. কোরবান আলী। দোয়া পরিচালনা করেন মধুপুর সিদ্দিকীয়া দরবার শরিফের আমির আলহাজ্ব হযরত মাওলানা মো. নাজমুদ্দৌলা পীর কেবলা সাহেব।অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গুণী শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. ইমরান হোসাইনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মো. আব্দুল মজিদ। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪