প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮: ৩৮
ফের অস্থির হয়ে উঠেছে চালের বাজার। কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারে বেড়েছে চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ধরন ও মানভেদে ৫০ কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে ৫০ থেকে ১৫০ টাকা। বাড়তি দামে চাল কিনতে গিয়ে নতুন করে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। ফলে ক্রমেই লম্বা হচ্ছে টিসিবির ট্রাকের সামনে থাকা লাইন।
মিল মালিকরা ধানের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখালেও আড়তদারদের অভিযোগ, মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীদের কেউ কেউ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে মিল মালিকদের দাবি, নতুন ধান বাজারে এলে দাম কমবে।
গত শনিবার রাজধানীর ইসলামপুর বাদামতলি, নয়াবাজার ও কারওয়ান বাজারের পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও দাম বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির গত বৃহস্পতিবারের বাজারদর অনুযায়ী, এক মাসে রাজধানীতে নাজিরশাইল ও মিনিকেটের দাম বেড়েছে তিন দশমিক ২৩ শতাংশ। একই সময়ে মোটা চালের দাম বেড়েছে দুই দশমিক ৮৬ শতাংশ।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তদার ও পাইকারি বিক্রেতা আলহাজ ফিরোজ মাহমুদ আমার দেশকে বলেন, কিছু দিনের ব্যবধানে ৫০ কেজির প্রতি বস্তা নাজিরশাইল চালের দাম ৪০০ থেকে ৫০০ টাকা বেড়েছে। মিনিকেটের দাম ১০০ থেকে ১৫০ টাকা এবং বিআর-২৮ চালের দাম ৫০ থেকে ১৫০ টাকা বেড়েছে।
তিনি অভিযোগ করেন, মিল মালিকরা আগেই ধান কিনে গুদামজাত করলেও তা আড়ালে রেখে পরিকল্পিতভাবে চালের দাম বাড়াচ্ছেন। সরকার দ্রুত চাল আমদানির অনুমতি না দিলে সাধারণ মানুষের জন্য বিপদ অপেক্ষা করছে। একটি চিহ্নিত গোষ্ঠী কারসাজি করে চালের কেজি একশোতে ঠেকানোর তৎপরতা চালাচ্ছে। সরকার চাল আমদানির অনুমতি দিলে অসাধু ব্যবসায়ীরা চাপে পড়বেন এবং বাজারে দাম কমবে।
তার দাবি, গত বছর আমদানির অনুমতি দেওয়ার পর নাজিরশাইলের দাম ছিল কেজিপ্রতি ৬০ থেকে ৬৫ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯৫ টাকা পর্যন্ত। সেই হিসেবে বছরের ব্যবধানে কেজিতে বড়েছে ৩০ টাকা।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সততা এন্টারপ্রাইজের ইব্রাহীম আমার দেশকে বলেন, দুই মাস আগে চাল আমদানি বন্ধের পর নাজিরশাইল ও মিনিকেটের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছিল। সম্প্রতি নতুন করে বিদ্যুৎ-গ্যাসের বাড়তি খরচ ও ধানের দাম বৃদ্ধির দোহাই দিয়ে আরো ৫ থেকে ১০ টাকা বাড়ানো হয়েছে।
খুচরা বাজারে অক্টোবরের শেষদিকে ভালো মানের নাজিরশাইল চালের দাম ছিল কেজিপ্রতি ৮০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯৫ টাকায়। মিনিকেট ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মোটা চালের মধ্যে গুটিস্বর্ণা ৫০ থেকে ৫২ টাকা ও বিআর-২৮ চাল ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের চাঁদপুর রাইস এজেন্সির আলহাজ বাচ্চু মিয়া আমার দেশকে বলেন, বিআর-২৮ চালে বস্তায় ১০০ টাকা, মিনিকেটে ৫০ থেকে ১৫০ টাকা এবং স্বর্ণা-৫ চালে ৫০ থেকে ৭৫ টাকা বেড়েছে। মিল মালিকরা ধানের দাম বৃদ্ধির কথা বললেও এটিকে তাদের কারসাজি বলে মনে করেন তিনি। তবে কারওয়ান বাজারের জনতা রাইস এজেন্সির হাজী আবু ওসমান বলেন, পাইকারে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও খুচরা বাজারে ইচ্ছেমতো দাম বাড়ানো হচ্ছে, যার কোনো নিয়ন্ত্রণ নেই।
ইসলামপুর বাদামতলির ইসলাম রাইস এজেন্সির স্বত্বাধিকারী আমজাদ হোসেন জানান, পোলাও চালের দাম অবশ্য কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। বর্তমানে ভালো মানের খোলা পোলাও চাল বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৬ টাকায়। কিছুদিন আগেও দাম ছিল ২১০ থেকে ২১৫ টাকা। তবে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত পোলাওর চালের দাম খোলা চালের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি।
কারওয়ান বাজারের বিক্রেতা ইমাম উদ্দিন বাবলু আমার দেশকে জানান, এক থেকে দেড় সপ্তাহ আগে ৫০ কেজির এক বস্তা বিআর-২৮ চালের পাইকারি দাম ছিল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। এখন একই চাল কিনতে বস্তাপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। বাজারের আরেক বিক্রেতা নাফিম বলেন, গত সপ্তাহে তিন হাজার ৫৫০ টাকার মিনিকেট চালের বস্তা গত বুধবার কিনতে হয়েছে তিন হাজার ৫৯০ টাকায়।
চালের বাজারের এই বাড়তি দামের প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপরও। শনিবার নয়াবাজারে কেনাকাটা করতে আসা পোশাকশ্রমিক হেলেনা খাতুন বলেন, আয় না বাড়লেও সব জিনিসের দাম বাড়ছে। চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সামান্য আয়ে পাঁচ সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়েছে। ধান সংগ্রহ, মিলিং ও গুদামজাতকরণের ব্যয়ও চালের দামে প্রভাব ফেলছে। তবে বাজারে চালের সরবরাহে বড় ধরনের ঘাটতির তথ্য পাওয়া যায়নি। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ৯ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল প্রায় ১৭ লাখ ৭৯ হাজার ৫৫২ টন। গমসহ মোট খাদ্যশস্যের মজুত ছিল প্রায় ২০ লাখ ৮৫ হাজার ৬৯৭ টন।
চালের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ধানের সংগ্রহমূল্য কেজিপ্রতি ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ধান এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরুর পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
তবে চালের দাম বৃদ্ধির পেছনে কারসাজির অভিযোগ নাকচ করেছেন নাবিল অটোরাইস মিলের স্বত্বাধিকারী ও নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন। তিনি আমার দেশকে বলেন, কারসাজির অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। প্রতি বছর এ সময়ে বাজারে সরবরাহ কমে যাওয়ায় ধানের দাম বাড়ে, যার প্রভাব পড়ে চালের বাজারে। আগামী কয়েক দিনের মধ্যে নতুন ধান আসতে শুরু করলে চালের দামও কমে যাবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ, মিলগেটের মূল্য প্রকাশ এবং অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করা জরুরি। পাশাপাশি আমন ধান সংগ্রহে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি চাল দ্রুত ও পরিকল্পিতভাবে বাজারে সরবরাহের ব্যবস্থাও রাখতে হবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান আমার দেশকে বলেন, চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। চালসহ নিত্যপণ্যের বাজার এখন করপোরেট হাউসগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে। তারা ইচ্ছামতো দাম বাড়ালেও সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মাঝেমধ্যে বৈঠক করে তাদের কথাই মেনে নেওয়া হচ্ছে। এতে অল্পসংখ্যক ব্যবসায়ীর হাতে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪