বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলাটির রায় ঘোষণা করেন বিচারক মো. রবিউল ইসলাম।
রায় ঘোষণার জন্য কারাগার থেকে সুপর্ণা সুর চৌধুরীকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব।
মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুরের নিজের এবং তার স্বামী এসকে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ চাওয়া হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন সুপর্ণা সুর। কিন্তু আদেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪