ঢাকার সাভারে ঝটিকা মিছিল বের করে হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী ও সমর্থককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সংলগ্ন এলাকায় মিছিল করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, সাভার পৌর ছাত্রলীগের পলাতক সভাপতি মাসুম দেওয়ানের প্রত্যক্ষ অর্থায়নে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে এই ঝটিকা মিছিলটি বের করা হয়েছিল।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), সাভার সরকারি কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), এবং মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), ইসমাইল হোসেন (২০), মো. তামিম সিকদার (১৮) ও মো. সাকিন ইসলাম (১৮)। আটকদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও পোশাক শ্রমিক, জুতার দোকানের কর্মচারী ও রাজমিস্ত্রি রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে থাকা অর্থ জোগানদাতা ও অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪