নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন আনুষ্ঠানিকভাবে নতুন এ ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ নাগরিকদের নানা ধরনের জটিলতা ও ভোগান্তির মুখোমুখি হতে হয়। নতুন জেলা ভূমি সেবা কেন্দ্র চালুর ফলে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা আরও সহজে ও দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
জেলা ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের প্রয়োজনীয় ভূমি-সংক্রান্ত সেবা একটি জনবান্ধব পরিবেশে প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সেবাগ্রহীতাদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর সেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।
উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন সেবা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে অতিথিদের অবহিত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ উদ্যোগের মাধ্যমে কিশোরগঞ্জের ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও সহজ ও হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪