বিনোদন ডেস্ক: ইতালির রোমে একটি হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগে বাংলাদেশের প্রখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দলের বিরুদ্ধে যে সমালোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে মুখ খুলেছেন জেমসের বিজনেস ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তিনি হোয়াটসঅ্যাপে কালবেলার সঙ্গে আলাপকালে এই অভিযোগকে ‘তুচ্ছ ঘটনা’ হিসেবে দাবি করেন।
জেমস ও তার সঙ্গীরা মোট চারটি রুমে অবস্থান করছিলেন জানিয়ে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘জেমস ছিলেন ৩৪৫ নম্বর রুমে এবং আমি ছিলাম ২৪৬ নম্বরে। হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ৫৪৯ নম্বর নোংরা অবস্থায় রাখার অভিযোগ আনা হয়েছে, সেই কক্ষে একজন মিউজিশিয়ান অবস্থান করছিলেন। একজনের কক্ষের অবস্থার দায়ভার জেমসের ওপর বর্তায় না, কারণ তিনি ওই রুমে ছিলেন না।’
হোটেল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ১৯ আগস্ট ২০২৬ তারিখে অতিথিরা চেকআউট করার পর কক্ষগুলো, বিশেষ করে ৫৪৯ নম্বর রুমটি ‘অত্যন্ত শোচনীয়’ অবস্থায় পাওয়া যায়। এর ফলে অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো জরিমানা ধার্য করা হয়।এ বিষয়ে রবিন বলেন, ‘তারা স্বাভাবিক নিয়মেই চাবি জমা দিয়ে চলে এসেছিলেন এবং জরিমানার বিষয়টি হোটেল কর্তৃপক্ষের একটি অভিযোগ মাত্র।’হোটেল থেকে নিয়ম না মেনে বা রিসেপশনে যোগাযোগ না করে চলে যাওয়ার অভিযোগটিও তিনি নাকচ করে দিয়েছেন। রবিন বলেন, ‘এটা ইতালিতে কখনো সম্ভব না। এটা হলে হোটেল কর্তৃপক্ষ আমাদের আটকে দিত। আমাদের পাসপোর্ট দেওয়া আছে না?’
রবিন বলেন, ‘আমাদের বিদায় জানাতে আয়োজকদের কেউ ছিলেন না। অন্য যে ভক্তকুল ছিল, তারা আমাদের বিদায় দেন।’ইতালির রোমে অবস্থিত ‘হোটেল অ্যান্ড রেসিডেন্স আই ট্রায়াঙ্গোলি’ থেকে জেমস ও তার দলের বুকিং করা চারটি অ্যাপার্টমেন্টের অবস্থা নিয়ে আয়োজক মোয়াজকে একটি ই-মেইল পাঠানো হলে বিষয়টি সামনে আসে। হোটেল কর্তৃপক্ষ সেখানে দাবি করে, অতিথিরা কোনো ধরনের যোগাযোগ ছাড়াই হোটেল ত্যাগ করেছেন। মেইলে কক্ষ নোংরা করার বিষয়ে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে এবং একটি কক্ষের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ উল্লেখ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪