মো আলমিন (সাভার) উপজেলা প্রতিনিধি: সাভারে একটি সাধারণ প্লাস্টিকের ড্রামকে ঘিরে সাধাপুর গ্রামে রাতারাতি নেমে এসেছে চরম আতঙ্ক ও চাঞ্চল্য। বুধবার সকালে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে রহস্যজনক এই ড্রামটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৬টার সময় নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে কাপড়চোপড় ও কোরআন শরীফের সাথে রহস্যজনকভাবে রাখা ছিল একটি প্রেসার কুকার। জানা যায়, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ড্রামটি মসজিদের মাঠে রেখে চম্পট দেয়। সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি বিবেচনা করে এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
পরবর্তীতে দুপুর ২টায় ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা সতর্কতার সাথে প্রেসার কুকারটি পর্যবেক্ষণ করে এবং নিরাপত্তার স্বার্থে ড্রামে থাকা বস্তুর বিষযটি নিশ্চিত হয়ে নিরাপদে তার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।
সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুষ্কৃতিকারীরা এটি করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪