ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ খবর

শিক্ষার্থীদের মাঠ দখল করে বসছে গরুর হাট, নীরব প্রশাসন

Khan Romim
আগস্ট ৩, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জের নিকলীতে সরকারি নির্দেশ অমান্য করে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসছে গরু-ছাগলের হাট। বিদ্যালয় চলাকালীন প্রতি বুধবার মাঠ দখল করে হাট বসায় শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম এবং নষ্ট হচ্ছে বিদ্যালয়ের খেলার মাঠ।বুধবার (২৯ জুলাই) দুপুরে সরেজমিনে বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে গরু-ছাগল, ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের ভিড়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জায়গা দখল করে চলছে পশুর কেনাবেচা। এতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, জেলার অন্যতম বড় পশুর হাট জারইতলা ইউনিয়নের গোপীরায়ের হাট। প্রতি বুধবার এ হাটে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক গরু-ছাগল আসে। এসব পশু ট্রাক, পিকআপ ও ভটভটিযোগে আনা হয়। যানবাহনগুলো সড়কের পাশে রাখা হলে নিকলী থেকে বাজিতপুর, ভৈরব ও কটিয়াদী যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি রোগীবাহী গাড়িও ভোগান্তিতে পড়ে।স্থানীয়রা জানান, গোপীরায়ের বাজারের নামে হাটটি ইজারা দেওয়া হলেও বাজার এলাকায় পর্যাপ্ত জায়গা না থাকায় আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হচ্ছে। হাটের দিন স্থানীয় কৃষকদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরাও পশু নিয়ে আসেন।

বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৯ সাল থেকে বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসছে। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পেলেও হাট বসার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান কমে গেছে বলে মনে করেন তিনি।স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, বিদ্যালয়ের পাশেই জারইতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স রয়েছে। সেখানে পশু চিকিৎসা কেন্দ্রসহ বিভিন্ন সরকারি সেবা দেওয়া হয়। কিন্তু বুধবার হাট বসার কারণে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সেবা নিতেও সমস্যায় পড়েন।

এ বিষয়ে নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সিদ্দিক বলেন, বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর বিষয়ে বাজার কমিটিকে একাধিকবার বলা হয়েছে। উপজেলা প্রশাসন তাদের দুইবার জরিমানাও করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ বলেন, স্কুল মাঠে গরুর হাট বসানোর কোনো নির্দেশনা নেই। প্রশাসনের অনুমতি ছাড়া বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে হাট বসালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।