কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: শিক্ষক নিয়োগে কমিটি পদ্ধতি বাতিল করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ এবং দ্রুত নিয়োগ সার্কুলার প্রকাশসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের কালীবাড়ি মোড় চত্বরে ‘শিক্ষক নিয়োগপ্রত্যাশী ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে অবস্থান নেন।
মানববন্ধন থেকে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— কমিটি নয়, এনটিআরসিএ’র (NTRCA) মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে হবে; আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ করতে হবে এবং এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দিতে ব্যর্থ হলে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে হবে।
মানববন্ধনে শিক্ষক নিয়োগপ্রত্যাশী সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, হুমায়ূন কবির ও এমদাদুল মাহবুবসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা শিক্ষক নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাই কোনো ধরনের অনিয়ম বা কমিটি নির্ভরতা বাদ দিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে কার্যকর ও নিরপেক্ষ প্রক্রিয়া চালু রয়েছে। তাই কমিটির মাধ্যমে নিয়োগ না দিয়ে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪