ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬

আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই

Khan Romim
আগস্ট ২, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   সাভারের আলোচিত মাদক মামলার আসামি শামীম রেজাকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নির্যাতন না করা এবং নতুন মামলা থেকে রেহাই দেওয়ার আশ্বাস দিয়ে তার স্ত্রীর কাছ থেকে আইফোন ও লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেয়ামত উল্লাহর বিরুদ্ধে। একই সঙ্গে মামলার গোপন নথি ফাঁস, জব্দকৃত আলামতের অর্থ আত্মসাৎ এবং আসামির স্ত্রীর সঙ্গে অনৈতিক যোগাযোগের অভিযোগও সামনে এসেছে।

জানা গেছে, গত ১০ জুন কক্সবাজার থেকে শামীম রেজাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, ওই অর্থ জব্দ তালিকায় অন্তর্ভুক্ত না করে সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে রিমান্ডে নির্যাতন না করার শর্তে এসআই নেয়ামত উল্লাহ ও এএসআই লিমনকে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা, দিতে বাধ্য হন আসামির স্ত্রী। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কথা বলে বিভিন্ন সময়ে আরও প্রায় ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে পাওয়া একাধিক অডিও ও ভিডিও রেকর্ডে দেখা যায়, এসআই নেয়ামত উল্লাহ মামলার সংবেদনশীল নথিপত্র ও জব্দকৃত আলামত আসামির স্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আসামির স্ত্রীর সঙ্গে কারাগারে গিয়ে শামীমের সাক্ষাতের ব্যবস্থা করার বিষয়েও ফোনালাপে আলোচনা পাওয়া গেছে।অভিযোগ ধামাচাপা দিতে এবং নিজের সততার প্রমাণ হিসেবে অভিযুক্ত কর্মকর্তা মসজিদে বসে পবিত্র কুরআন স্পর্শ করে ভিডিও পাঠিয়েছেন বলেও অনুসন্ধানে উঠে এসেছে।একটি ফোনালাপে এসআই নেয়ামতকে শামীমের স্ত্রী সুমাইয়া সাথীকে বলতে শোনা যায়, “আমি তো স্যারদের সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করতেছি, সে যেন অন্য কোনো মামলায় না পড়ে।” আরেকটি ভয়েস রেকর্ডে তিনি বলেন, “আমি আপনাদের কোন কথাটা রাখি নাই? ফোন সঙ্গে সঙ্গে রিসিভ করেছি, অবর্তমানেও খবরাখবর রেখেছি।”

এদিকে, গ্রেপ্তার শামীমের অটো গ্যারেজের চাবি ও জব্দকৃত মালামাল এসআই নেয়ামতের হেফাজতে থাকা অবস্থায় ছয় দফায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় বহিষ্কৃত এক ছাত্রদল নেতার অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নতুন মামলা করতে শামীমের স্ত্রীকে চাপ দেওয়ার অভিযোগও রয়েছে।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই মো. নেয়ামত উল্লাহ প্রথমে বিষয়টি সম্পর্কে পরে কথা বলবেন বলে জানালেও পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শামীমের স্ত্রী সুমাইয়া সাথী দাবি করেন, রিমান্ড এড়ানো এবং নতুন মামলায় নাম না দেওয়ার আশ্বাসে তিনি পরিবারের জমানো টাকা, স্বর্ণালঙ্কার বিক্রি করে এবং দুটি আইফোন দিয়ে অভিযুক্ত কর্মকর্তার দাবি পূরণ করতে বাধ্য হয়েছেন।এ বিষয়ে সাভার মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, “আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। আগের ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত জানি না। তবে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ পাওয়া গেলে তদন্ত শেষে বিভাগীয় বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ও অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।পুলিশের আইনি বাধ্যবাধকতা সম্পর্কে ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হরেকৃষ্ণ বলেন, পুলিশ রেগুলেশন বেঙ্গল (পিআরবি) অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রপক্ষের গোপন তথ্য কোনোভাবেই আসামিপক্ষের কাছে সরবরাহ করতে পারেন না। একই সঙ্গে আসামির সঙ্গে অনৈতিক যোগাযোগ বা সুবিধা গ্রহণ গুরুতর শৃঙ্খলাভঙ্গ, যার জন্য বিভাগীয় কঠোর শাস্তির বিধান রয়েছে।

উল্লেখ্য, এসআই মো. নেয়ামত উল্লাহ চলতি বছরের ১ ফেব্রুয়ারি সাভার মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। গত ২২ মে সাভারে মাদক সিন্ডিকেটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশ টিভি ও এসএ টিভির দুই সংবাদকর্মী হামলার শিকার হন। ওই ঘটনার পর আত্মগোপনে থাকা শামীম রেজাকে গত ১০ জুন কক্সবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।