স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মহিমাগঞ্জ বিদ্যুৎ অফিসের আওতাধীন বিভিন্ন এলাকার গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বিল নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহার এবং মিটারের রিডিং সঠিক থাকার পরও অনেকের হাতে এসেছে অস্বাভাবিক ও কয়েক গুণ বেশি বিল।
ভুক্তভোগীদের দাবি, কারও বাড়িতে মাত্র একটি বাতি ও একটি মোবাইল ফোন চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার নেই। অথচ সেখানে মাসিক বিদ্যুৎ বিল এসেছে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। আবার যেসব পরিবার আগে প্রায় ২০০ টাকার বিল পরিশোধ করতেন, তাদের অনেকের বিল এখন ১ হাজার টাকারও বেশি এসেছে বলে অভিযোগ।
গ্রাহকদের প্রশ্ন, একই ব্যবহার, একই মিটার—তবুও বিল এত বেশি কেন? এটি কি মিটার রিডিংয়ের সমস্যা, বিল প্রস্তুতের ত্রুটি, নাকি অন্য কোনো কারিগরি জটিলতা? এমন প্রশ্নের উত্তর জানতে চান তারা।অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও অনেক গ্রাহক কাঙ্ক্ষিত সমাধান পাচ্ছেন না। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মহিমাগঞ্জ বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রাহকদের দাবি, অতিরিক্ত বিলের অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং ভুল বিল হয়ে থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হোক।প্রশ্ন এখন একটাই—সাধারণ মানুষ যদি স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহার করেও এমন ‘ভৌতিক’ বিলের বোঝা বহন করেন, তাহলে তারা কোথায় যাবেন? আর এই প্রশ্নের উত্তর দেবে কে?
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪