মো আলামিন (সাভার) উপজেলা প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তোলা ছবি বিকৃত করে নিজের মুখ বসানোর অভিযোগ; শ্বশুরের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত রাজাকারের তকমা, স্বজনদের বিরুদ্ধে দখলদারিত্ব ও মাদকের চাঞ্চল্যকর তথ্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি ভুয়া ছবি তৈরি ও প্রচারের মাধ্যমে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর মারাত্মক অভিযোগ উঠেছে সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানের বিরুদ্ধে। ছবিটির সততা নিয়ে নানা প্রশ্ন ওঠার পর অনুসন্ধানে উঠে এসেছে এআই কারসাজির চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের একটি প্রকৃত ছবিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়। মূল ছবিতে অ্যাটর্নি জেনারেলের স্থানে কৌশলে আব্দুর রহমানের মুখমণ্ডল সংযোজন করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
একজন সাবেক কাউন্সিলরের সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির এমন আনুষ্ঠানিক ছবি স্বাভাবিক মনে না হওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়। পরবর্তীতে মূল ছবি সংগ্রহের পর দুটি ছবির তুলনামূলক বিশ্লেষণে অসঙ্গতি ধরা পড়ে। এআই দিয়ে তৈরি ছবিতে আব্দুর রহমানের মুখমণ্ডল কৃত্রিম ও ফোলা দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে থাকা ‘বাংলাদেশ জাতীয় সংসদ’ লেখা ও লোগো স্পষ্ট বিকৃত পাওয়া যায়। শুরুতে আব্দুর রহমান ছবিটি তিনি স্পিকার থাকাকালে তুলেছিলেন বলে দাবি করলেও, সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পরবর্তীতে স্বীকার করেন ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও অধিবাসীদের তথ্যমতে, আব্দুর রহমানের পরিবার ও আত্মীয়স্বজনদের ঘিরে রয়েছে নানা বিতর্কিত ইতিহাস ও অপরাধমূলক অভিযোগ। জানা গেছে: শ্বশুরের রাজাতার শ্বশুর মনসুর একজন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী (রাজাকার), যিনি বর্তমানে বিচার এড়াতে মালয়েশিয়ায় পলাতক রয়েছেন।
তার নিজের আপন ভাগিনা রুবেল মন্ডল সাভার উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ ‘সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী শাসনামলে এই আত্মীয়তার সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অপর এক ভাগিনার বিরুদ্ধে সাভারের ‘অন্ধ মার্কেট’ গায়ের জোরে দখল করে সেখানে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা আব্দুর রহমান সুধী সমাজ ও বিএনপির পরিচয়ে নিজেকে টিকিয়ে রাখলেও, জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থানের পূর্বে বিএনপির আন্দোলনে তাকে দেখা যায়নি বলে জানান স্থানীয় বিএনপি কর্মীরা।এ বিষয়ে আইনজীবীরা জানান, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির ছবি এআই দিয়ে বিকৃত করা সাইবার সুরক্ষা আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে।

