টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার একো কোল্ড স্টোরেজ সংলগ্ন খাল এবং ধলেশ্বরী শাখা নদীর তীর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানটি পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বেতকা ব্রিজ থেকে প্রায় ১ কিলোমিটারের মধ্যে ফসলি জমির মাটি কেটে ট্রলারে বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ সংশ্লিষ্ট তিন জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা এবং একই আইনের ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এ সময় জব্দকৃত মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আব্দুল মাবুদের জিম্মায় হস্তান্তর করা হয়।
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪