ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

Khan Romim
জুলাই ১৬, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবার বিশ্ব ক্রিকেটের প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইসিসি বোর্ডের অনুমোদনেই নতুন এই উপকমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য বিশ্বজুড়ে দ্রুত বিস্তৃত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন বিষয় তদারকি ও নীতিগত দিকনির্দেশনা দেওয়া।

তামিমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

যদিও কমিটির কার্যপরিধি, দায়িত্বের মেয়াদ কিংবা প্রথম বৈঠকের সময়সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি।

একই সভায় বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে তামিম ইকবালকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে আইসিসির নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এদিকে, আইসিসি একই সঙ্গে একটি গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করেছে। এর চেয়ারম্যান হয়েছেন ভারতের দেবজিৎ সাইকিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।

বার্ষিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আর্থিক সহায়তায় ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্তও অনুমোদন করেছে আইসিসি বোর্ড।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।