মো আলামিন (সাভার) প্রতিনিধি: দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’ ৩০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ ১৩ জুলাই ঢাকার সাভারে প্রেস ক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে গৌরব ও সাফল্যের এই মাইলফলক উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে সাভারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম সাভার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি ও নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি জনাব নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন এটিএন বাংলার ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ বাশার।
আলোচনা সভায় বক্তারা এটিএন বাংলার দীর্ঘ তিন দশকের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও চ্যানেলটি দেশের উন্নয়ন ও জনমানুষের কথা বলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ করা হয়।

