ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

Khan Romim
জুলাই ২৬, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:   ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল লিওনেল মেসিকে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নিজ শহর রোজারিওতে। তারই এক ফাঁকে শনিবার তিনি আরোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের একটি ম্যাচ দেখতে যান।এই স্টেডিয়াম তার নিজ শহর রোজারিওর কাছেই অবস্থিত। ম্যাচটি ছিল তার পরিবার পরিচালিত ক্লাব লিওনেস এফসি এবং সেন্ট্রাল কোর্দোবার মধ্যে। কালো হুডি পরে নিজেকে আড়াল রাখার চেষ্টা করে ম্যাচ শুরুর পর মাঠে পৌঁছান মেসি। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে দ্রুতই চিনে ফেলেন সমর্থকরা। টেলিভিশন ক্যামেরা এবং দর্শকদের মোবাইল ফোনে ধরা পড়ে, গোলপোস্টের পেছনের একটা ব্যালকনি থেকে ম্যাচ দেখছিলেন তিনি।

৩৯ বছর বয়সী মেসি হাসিমুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানান। শিশু এবং সমর্থকরা তার নাম ধরে চিৎকার করে, আর উপস্থিত সবাই উষ্ণ করতালিতে তাকে স্বাগত জানান।তবে মাঠের খেলায় স্বাগতিক দলের জন্য উদযাপনের তেমন কিছু ছিল না। সেন্ট্রাল কোর্দোবার কাছে ২-০ গোলে হেরে যায় লিওনেস। এই হারে জোন বি-তে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল লিওনেস। শীর্ষে থাকা কানুয়েলাসের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে। কানুয়েলাসের পয়েন্ট ৩৬।

বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার পর রোজারিওতে ফেরেন মেসি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড় বুয়েনস আইরেসে ফিরে হাজারো সমর্থকের কাছ থেকে বীরের সংবর্ধনা পান। তবে মেসি সরাসরি রোজারিওতে চলে যান। কাছের ফুনেস শহরে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনিক্লাব ফুটবলে কবে ফিরবেন, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ক্লাবের প্রধান কোচ গিয়ের্মো হোয়োস সম্প্রতি বলেছেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ডের ফেরার ‘কোনো নির্দিষ্ট তারিখ নেই’।পরিবারের ক্লাবে মেসির এই সংক্ষিপ্ত উপস্থিতিই ছিল বিশ্বকাপ ফাইনালের পর তার প্রথম জনসম্মুখে আসা। এতে স্থানীয় সমর্থকরাও এই ফুটবল কিংবদন্তিকে কাছ থেকে দেখার বিরল একটা সুযোগ পান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।