

স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সারা দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। জানা গেছে, বিষয়টি আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।
রিটে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা নিয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এতে আদালতের কাছে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।
রিটে আরও উল্লেখ করা হয়েছে, সময়মতো টিকাদান কার্যক্রম নিশ্চিত করতে না পারা, টিকার পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে ব্যর্থতা, এবং স্বাস্থ্যসেবা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া, রিটে অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু করা, টিকা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭