

মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নিজস্ব জমিসহ একটি আধুনিক নতুন ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় ইয়াসিন ফেরদৌস মুরাদ জানান, সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে জেলা পরিষদ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি আরও উল্লেখ করেন, সাভারে জেলা প্রশাসনের মালিকানাধীন যে সকল জমি অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে।
পরিকল্পনার অংশ হিসেবে তিনি জানান, মুক্তিমোড় এলাকায় অবস্থিত বর্তমান সাভার পৌর কমিউনিটি সেন্টারটি ভেঙে সেখানে একটি আধুনিক কমিউনিটি সেন্টার এবং একটি বৃহৎ বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।অবৈধ দখলদারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা পরিষদ প্রশাসক বলেন, “জেলা প্রশাসনের কোনো জায়গা অবৈধভাবে দখল করে রাখা যাবে না। সকল জমি উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উপজেলায় বর্তমানে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। মতবিনিময় সভার আগে ইয়াসিন ফেরদৌস মুরাদ দখল হয়ে যাওয়া জেলা পরিষদের বিভিন্ন জমি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন খান, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭