

আপন সরদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশ ও এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরেন বলেই বারবার হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি স্বরূপ।
তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম,সাধারণ সম্পাদক মো. রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আপন সরদার, সাংবাদিক ফয়সাল হাওলাদার, জাকির হোসেন, জেসমিন সুইটি,শিশির আহমেদ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭