

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই এই সরকার জনগণের কাছেই জবাবদিহি করে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই—জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সংকট মোকাবিলায় তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ব্যক্তিগত পর্যায়ে অপচয় এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে তেল ও ডিজেলের দাম বাড়ালেও বাংলাদেশে এখনো সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে।
তিনি আরও জানান, সরকার প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি খাত স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
ইতিহাসের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংকীর্ণ দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান উপেক্ষা করা উচিত নয়। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করবে।
অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অবদান দেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতের পথচলায় প্রেরণা জোগাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭